চট্টগ্রামে ডেঙ্গুতে এবার ৮ বছরের শিশু ঐশী দাসকে জীবন দিতে হয়েছে। গত বৃহস্পতিবার নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নগরীর কাট্টলী এলাকার বাসিন্দা কুয়েত প্রবাসী লিটন দাসের দুই মেয়ের একজন ঐশী দাস; কাট্টলী আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী সে। অপরজনের নাম রুহি দাস। সে ৭ম শ্রেণীর ছাত্রী। তাদের মা লিপি দাস।
জানা গেছে, জ্বর হওয়ার পর শিশু ঐশীকে প্রথমে নগরীর মা ও শিশু হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করানো হয়। সেখানে তার ডেঙ্গু পজিটিভ আসে। এরপর তাকে নগরীর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়। গত বুধবার অবস্থা খারাপের দিকে গেলে আইসিইউয়ের প্রয়োজন হয়। যার কারণে তাকে নগরীর আরেক বেসরকারি সাজিনাস হাসপাতালে নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। জানা গেছে, মেয়ের অবস্থা খারাপ শুনে কুয়েত থেকে দেশে ফিরে আসেন লিটন দাস। তিনি যখন বিমানে ছিলেন, তখনই মেয়ের মৃত্যুর খবর পান।
সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, এ নিয়ে চট্টগ্রামে সরকারিভাবে ডেঙ্গুতে মারা গেল ৩৫ জন। আর আক্রান্তের সংখ্যা প্রায় ৭ হাজার।












