ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত একদিনে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের ডেঙ্গু বিষয়ক বুলেটিনে এ তথ্য দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।
বুলেটিনের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬, চট্টগ্রাম বিভাগের ১ এবং রাজশাহী বিভাগে ১ জন রয়েছেন।
তাদের নিয়ে চলতি বছর সরকারি হিসাব অনুযায়ী, ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়াল ৪৯১ জনে। এছাড়া ডেঙ্গু নিয়ে এ পর্যন্ত চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৬০ হাজার ৫৫৭ জন। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৪ হাজার ১৫১ জন। এখনও বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৫ হাজার ৯১৫ জনর রোগী।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, বরিশাল বিভাগে ২১৩ জন, খুলনা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন এবং সিলেট বিভাগে ২১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।










