চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রুটগুলোর মধ্যে বহদ্দারহাট থেকে নিউমার্কেট–আমতল সড়ক অন্যতম। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ এই রুটে যাতায়াত করে থাকেন। কিন্তু দুঃখজনকভাবে প্রতিনিয়ত এই রুটের কিছু টেম্পো চালক ও মালিকের সিন্ডিকেটের কারণে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। প্রতিদিন বিভিন্ন সময়ে ইচ্ছাকৃতভাবে টেম্পু চলাচল বন্ধ রাখা হয়। অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করেও যাত্রীরা কোনো যানবাহন পান না। আবার কখনো একটি বা দুইটি টেম্পো চলাচল করলেও যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করা হয়। বিশেষ করে সকাল ও অফিস শেষের সময়ে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করে।
এর ফলে শিক্ষার্থী, চাকরিজীবী ও জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই অনিয়ম যেন দিন দিন স্বাভাবিক ঘটনায় পরিণত হচ্ছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি না থাকায় সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। এমতাবস্থায় সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবহন কর্তৃপক্ষের প্রতি বিনীত আহ্বান, বহদ্দারহাট থেকে নিউমার্কেট/আমতল রুটে টেম্পো সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ, নিয়মিত যান চলাচল নিশ্চিত এবং অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।
সৈয়দ শাহজাহান সিরাজ
শিক্ষার্থী, স্নাতক ১ম বর্ষ
বহদ্দারহাট, চান্দঁগাও, চট্টগ্রাম।












