কক্সবাজার থেকে টেকনাফগামী একটি চলন্ত মিনিবাস ব্রিজের রেলিং ভেঙে গভীর খাদে পড়ে চারজন গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে টেকনাফের দমদমিয়া এলাকায় কেয়ারী ঘাটসংলগ্ন ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পায়রা সার্ভিসের মিনিবাসটি অতিরিক্ত গতিতে চলছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। ওই সময় বাসটিতে প্রায় ১৬ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হন।
আহতদের মধ্যে উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের দুই রোহিঙ্গা এবং টেকনাফের দমদমিয়া এলাকার দুই বাসিন্দা রয়েছেন। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার জামিম মিয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিজিবি, কোস্টগার্ড, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে আরও তদন্ত চলছে।











