কক্সবাজারে টেকনাফে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ‘মাদক কারবারি’ মনছুর আলমকে (৪২) আটক করেছে র্যাব–১৫। গতকাল সোমবার ভোরে বাহারছড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। র্যাব–১৫ এর সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ভোরে র্যাব–১৫, সিপিসি–১, টেকনাফ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউপির ১ নং ওয়ার্ডের বাহারছড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক দৌঁড়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা চারপাশ থেকে ঘেরাও করে মনছুরকে আটক করে। আটকের পর অস্ত্র আইনের মামলায় তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।












