যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নেতৃত্বে ঐতিহাসিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হতে পারেন ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস। তিনি নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার গৌরব অর্জন করবেন। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্বে বড় ভূমিকা রাখবেন তিনি।
২০১৩ সালে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য হন হাকিম জেফ্রিস। এর কিছুদিন পরই দলের কয়েকজন জ্যেষ্ঠ কৃষ্ণাঙ্গ নেতা তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু করেন। তাদের অনেকের ধারণা ছিল, একদিন জেফ্রিসই হবেন প্রতিনিধি পরিষদের স্পিকার। সাবেক কংগ্রেস সদস্য এডি বার্নিস জনসন তখন বলেছিলেন, ‘আমার মনে হয়, ও–ই সেই মানুষ।’ ওই সময় সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস সদস্য ইমানুয়েল ক্লিভার। তার মনে আছে, প্রতিনিধি পরিষদের অধিবেশনকক্ষে নিজের নির্ধারিত আসনে বসেই জনসন কথাটি বলেছিলেন। খবর বাংলানিউজের।
এর কয়েক মাসের মধ্যে জ্যেষ্ঠ কৃষ্ণাঙ্গ ডেমোক্র্যাট নেতারা নিয়মিত নৈশভোজে মিলিত হতে শুরু করেন। এসব বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল জেফ্রিসের রাজনৈতিক ভবিষ্যৎ। তাদের পরিকল্পনা ছিল, ন্যান্সি পেলোসি অবসর নিলে তার জায়গায় জেফ্রিসকে স্পিকার পদে বসানো। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার নির্বাচিত করাই ছিল তাদের লক্ষ্য। ওই আলোচনায় অংশ নেওয়া একাধিক ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।
প্রায় দেড় দশক পর সেই পরিকল্পনা বাস্তব হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বড় কোনো রাজনৈতিক অঘটন না ঘটলে আগামী জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হতে পারেন জেফ্রিস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উত্তরাধিকার নির্ধারণের সাংবিধানিক ধারাবাহিকতায় ভাইস প্রেসিডেন্টের পরই স্পিকারের অবস্থান। ফলে এই পদে নির্বাচিত হলে ট্রাম্প প্রশাসনের শেষ দুই বছরে জেফ্রিসের রাজনৈতিক গুরুত্ব অনেক বেড়ে যাবে।












