কর্ণফুলীর শিকলবাহা এলাকায় ৬ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শনিবার রাতে উপজেলার শিকলবাহা চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তি ইয়াছিন আরাফাত মিনার (২৯)। তিনি লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাউজানিয়া পাড়া এলাকার মৃত মোহাম্মদ দেলোয়ার হোসেনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, শনিবার রাতে শিকলবাহা চৌমুহনী এলাকার মেসার্স শাহ আমানত অটো ট্রেডার্সের সামনে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে ইয়াছিন আরাফাতকে আটক করে তল্লাশি করলে তার কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের পুরোনো টয়োটা প্রিমিও গাড়িও জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে লোহাগাড়া ও কক্সবাজারের পেকুয়া থানায় মাদক মামলা রয়েছে। এ ঘটনায় কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।












