গত ২৪ ঘণ্টায় সারাদেশে নিশ্চিত হাম ও হাম উপসর্গে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১২ জনে। একইসময়ে দেশে হাম ও হাম উপসর্গে এক হাজার ২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাংলানিউজের।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৭২ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৬২ হাজার ৫০৭ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৪৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা আট হাজার ৪৯৪ জন। ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ হাজার ৩৮৯ জন। একইসময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৪৫ হাজার ১১ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ১২ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪২৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত নিশ্চিত হামে ৮৬ জনের মৃত্যু হয়েছে।











