ঝগড়া থামাতে গিয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ১ জুন, ২০২৬ at ৬:২৭ পূর্বাহ্ণ

ফটিকছড়ির ভূজপুর থানার বাগানবাজার ইউনিয়নের উদয় পাথর এলাকায় নিজের ফেসবুক আইডি হ্যাক হওয়া নিয়ে অন্য এক ব্যক্তির সাথে ঝগড়া থামাতে গিয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। গত ৩০ মে সকাল সাড়ে ৯টার দিকে এই নৃশংস ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত বড় ভাই জাফরকে পুলিশ হেফাজতে নিয়েছে। নিহত যুবকের নাম জয়নাল। ঘাতক বড় ভাইয়ের নাম জাফর।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত জাফর বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং সে প্রায় সময় মাদকাসক্ত থাকত ও মাদক কারবারের সাথেও যুক্ত ছিল।

স্থানীয়রা জানান, সকালে বড় ভাই জাফরের ফেসবুক আইডি হ্যাক হওয়াকে কেন্দ্র করে শাহাজাহান নামে এক ব্যক্তির সাথে তার তীব্র কথাকাটাকাটি ও ঝগড়া চলছিল। এ সময় পরিস্থিতি শান্ত করতে এবং তাদের থামাতে এগিয়ে আসেন ছোট ভাই জয়নাল। এতে ক্ষিপ্ত হয়ে মাদকাসক্ত বড় ভাই জাফর নিজের ছোট ভাইয়ের ওপর চড়াও হন। একপর্যায়ে জাফর ধারালো ছুরি দিয়ে জয়নালকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে জয়নাল ঘটনাস্থলেই প্রাণ হারান।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তিনি বলেন, ‘ফেসবুক আইডির বিষয়ে বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হন। এ ঘটনায় জাফরকে আটক করা হয়েছে। খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল উদয় পাথর এলাকা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর পরই পুলিশ তৎপরতা চালিয়ে অভিযুক্ত ঘাতক জাফরকে হেফাজতে নিয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় ভূজপুর থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধজিইসি মোড়ে মেন্টরস চট্টগ্রামের দ্বিতীয় শাখা উদ্বোধন
পরবর্তী নিবন্ধচলে গেলেন উদীচী চট্টগ্রামের সভাপতি চন্দন দাশ