জালিয়াতির মাধ্যমে ১৯৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

রতনপুর শিপ রিসাইক্লিংয়ের এমডি, পরিচালক ও জনতা ব্যাংকের কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২৬ at ৫:৪১ পূর্বাহ্ণ

জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংকের ১৯৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রতনপুর শিপ রিসাইক্লিংয়ের এমডি, পরিচালক ও ব্যাংক কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এ মামলাটি দায়ের করেন কার্যালয়টির সহকারী পরিচালক সায়েদ আলম। মামলার আসামিরা হলেন, মেসার্স রতনপুর শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমান, পরিচালক ইউনুচ ভূঁইয়া ও শামসুন নাহার এবং জনতা ব্যাংকের ঘটনার সময়ের সিনিয়র অফিসার কাজী আবুল কাশেম, প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ মুহিব উল্লাহ, এসপিও হরিসাধন দেব, এজিএম নুরুল মোস্তফা, আবুল মনজুর ও সাময়িক বরখাস্তকৃত ডিএমজি মোহাম্মদ মোবারুকুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে জনতা ব্যাংক পিএলসি, লালদীঘি ইস্ট করপোরেট শাখা থেকে ঋণ মঞ্জুরের শর্ত লঙ্ঘন করেন। মেসার্স রতনপুর শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অনুকূলে এলসি লিমিটের শর্ত ভঙ্গ করে এবং মেয়াদের অনুমতি ছাড়াই ভাউচার প্রস্তুতপূর্বক এলসি লিমিট সৃষ্টি করা হয়। পরবর্তীতে বিভিন্ন এলসি এবং এলটিআর হিসাব খোলার মাধ্যমে নিয়মবহির্ভূতভাবে ব্যাংকের ১৯৮ কোটি ৪৮ লাখ ৯ হাজার টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ করা হয়। জাল–জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে সংঘটিত এ কার্যক্রম দণ্ডবিধির ৪২০/৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। নথি অনুযায়ী, বর্তমানে জনতা ব্যাংক লালদীঘি ইস্ট করপোরেট শাখার কাছে মেসার্স রতনপুর শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে মোট ঋণ প্রক্রিয়ায় প্রায় ৩০৫.১২ কোটি টাকা দায় রয়েছে। ২০১৬ সালে ব্যাংক কর্তৃক তৎকালীন বন্ধকী সম্পত্তির মূল্যায়ন করা হয়েছিল ১৮৭ কোটি ৬১ লাখ ৩০ হাজার ৬১২ টাকা। যার মধ্যে ভূমি ও মেশিনারিজের মূল্য অন্তর্ভুক্ত। তদন্তকালে ব্যবসা প্রতিষ্ঠানটির নামে উল্লেখিত ঋণ প্রক্রিয়ায় সৃষ্ট দায়–দেনায় আরো কোনো অনিয়ম হয়েছে কিনা এবং ঋণের বিপরীতে পর্যাপ্ত সহায়ক জামানত নেয়া হয়েছে কিনা–সেসবও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এর উপপরিচালক আল আমিন।

পূর্ববর্তী নিবন্ধমইজ্জ্যারটেকে বিএনপির মিছিলে বাসের ধাক্কায় আহত ১৪, চালক আটক
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে স্ত্রীকে গ্রেপ্তার করতে যাওয়া পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, স্বামীর মৃত্যু