জামায়াতের বিক্ষোভ সমাবেশে মুহাম্মদ শাহজাহান

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার না হলে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হতেই থাকবে

| বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ at ৭:৫২ পূর্বাহ্ণ

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে আওয়ামী লীগের লগি–বৈঠার তাণ্ডব ও নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী।

গতকাল বুধবার নগরীর ওয়াসা মোড়ে জমিয়তুল ফালাহ মসজিদের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, ২০০৬ সালের অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার না হওয়ার কারণেই ফ্যাসিবাদের জন্ম হয়েছিল। সেদিনের নির্মমতার পেছনে অনেক কারণ ব্যাখ্যা করা হয়। তবে আমি মনে করি, ইসলামী আন্দোলনের নেতাদের হত্যা করে দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করাই ছিল এর অন্যতম উদ্দেশ্য। ৫ আগস্টের গণ–অভ্যুত্থানের সুফল আমরা এখনো পাইনি।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি–বৈঠার নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশপন্থী রাজনীতির অগ্রযাত্রা রোধ করা হয়েছিল। ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার পূরণ করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন, মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান ও শফিউল আলম।

দক্ষিণ জেলা জামায়াত : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠা দিয়ে দিনদুপুরে হত্যাযজ্ঞ চালিয়েছে। দিনদুপুরে যারা মানুষ হত্যার জন্য হুকুম দেয় তাদের বিচার বাংলার জমিনে হবেই, ইনশাআল্লাহ। লগি–বৈঠার এ ফ্যাসিবাদী রাজনীতি এদেশে চিরতরে বন্ধ হবে।

গতকাল বুধবার দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে হত্যাযজ্ঞে জড়িত খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অ্যাডভোকেট আবু নাছের, মাওলানা আবুল ফয়েজ, নুরুল হক, আ ক ম ফরিদুল আলম, জেলা শিবিরের সভাপতি ডি এম আসহাব উদ্দীন, জেলা শিবিরের সেক্রেটারি জিল্লুর রহমান, সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল উদ্দীন, চন্দনাইশ উপজেলা আমির মাওলানা কুতুব উদ্দিন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা আমির মাস্টার সিরাজুল ইসলাম, সাতকানিয়া পৌরসভা আমির অধ্যক্ষ হামিদ উদ্দীন আজাদ, সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী, তারেক হোসাইন প্রমুখ। এছাড়াও লোহাগাড়া, বাঁশখালী, চন্দনাইশ, বোয়ালখালী, পটিয়া, আনোয়ারাসহ সকল উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাঁশখালী উপজেলা জামায়াত : ২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত পল্টন ট্রাজেডির বিচার নিশ্চিত করে বর্তমান সরকার জনগণের সরকার তা প্রমাণ করতে হবে বলে জানিয়েছেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। গতকাল বুধবার বিকেলে বাঁশখালী উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক। উপজেলা যুব বিভাগের সভাপতি খোরশেদ আলী চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের জেলা সভাপতি ফরমানুর রহমান জাহিন, পৌরসভা জামায়াতের আমির আবু তাহের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মোখতার হোসাইন সিকদার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এনামুল হক জিহাদী, সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম, মাওলানা শহীদ উল্লাহ, আইজিডব্লিউএফের উপজেলা সভাপতি আলী নেওয়াজ চৌধুরী ইরান প্রমুখ।

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর : ২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মোমিনুল হক। তিনি বলেন, শহীদদের হত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং কোনো অপরাধী যেন রাজনৈতিক পরিচয় বা ক্ষমতার প্রভাবে পার পেয়ে না যায়। গতকাল বুধবার ২৮ অক্টোবর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশ সঞ্চালনা করেন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি খুররম মুরাদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচমেক হাসপাতালে ইন্টারনাল মেডিসিন দিবসে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার
পরবর্তী নিবন্ধপ্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের সমাবেশ ও র‌্যালি