জামাইয়ের বিরুদ্ধে শ্বশুরের মামলা

রাঙ্গুনিয়ায় শাশুড়িকে কুপিয়ে হত্যা

রাঙ্গুনিয়ায় প্রতিনিধি | সোমবার , ৩ মে, ২০২১ at ৫:৪৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগে জামাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় মেয়ে জামাই জাকের হোসেন (৩০) ও তার বড়ভাই মো. দেলোয়ার হোসেনকে (৩৫) আসামি করা হয়েছে। তারা উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস পূর্বপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে। গত বৃহস্পতিবার রাতে সুখবিলাস পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
গত শুক্রবার নিহত শাশুড়ি আছমা খাতুনের (৫০) স্বামী শ্বশুর আবদুল মালেক বাদী হয়ে থানায় মামলাটি করেন। এরআগে গত বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জেরে সৃষ্ট বিরোধে মেয়ের জামাই জাকের হোসেন দা দিয়ে কুপিয়ে খুন করে শাশুড়ি আছমা খাতুনকে। এ সময় স্ত্রী রিপা আক্তারকে (২৪) এলোপাতাড়ি কুপিয়েছে জাকের। তিনি এখন চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে।
স্থানীয়রা জানায়, সুখবিলাস পূর্বপাড়ার আবদুল খালেকের ছেলে মো. জাকের হোসেন পারিবারিকভাবে বিয়ে করেন আপন চাচা আবদুল মালেকের মেয়ে রিপা আক্তারকে। কয়েক বছর সংসার করার পর বছর দুয়েক আগে সে কাতার চলে যায়। তাদের দুই সন্তান রয়েছে। কাতার যাবার আগে একই এলাকার আরেক নারীকে গোপনে বিয়ে করে জাকের। কিছুদিন পূর্বে সে কাতার থেকে দেশে আসলে গোপন বিয়ের খবর জানাজানি হয়। এনিয়ে প্রথম স্ত্রীর সাথে তার ঝগড়া শুরু হয়। বৃহস্পতিবার রাতে বাড়ির উঠানে বিরোধ মিমাংসায় শালিসী বৈঠক বসে দুইপক্ষ। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে ঘর থেকে একটি ধারালো দা এনে শাশুড়ি আছমা খাতুন ও স্ত্রী রিপা আক্তারকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায় জাকের। এরপর স্থানীয়রা দুজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাত তিনটায় শাশুড়ির মৃত্যু হয় বলে জানান আবদুল মালেক।
রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কি মামলার সত্যতা নিশ্চিত করে জানান, খুনি জাকেরকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধথেমে নেই ফুটপাত দখল
পরবর্তী নিবন্ধনিরাপত্তা চেয়ে বাদীর জিডি