জাতীয় দলে ফেরার মিশনে অস্ট্রেলিয়া যাচ্ছেন শামীম

| শুক্রবার , ১৪ আগস্ট, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

গত অস্ট্রেলিয়া সিরিজের পর থেকেই জাতীয় দলের বাইরে রান খরায় ভোগা শামীম হোসেন পাটোয়ারী। অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন টপ এন্ড টিটোয়েন্টি টুর্নামেন্টকে জাতীয় দলে ফেরার মঞ্চ হিসেবেই দেখছেন এই ব্যাটার। সেখানে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে আবারও লালসবুজের দলে জায়গা করে নিতে চান তিনি। অস্ট্রেলিয়ার টপ এন্ড টিটোয়েন্টিতে অংশ নিতে বাংলাদেশ এইচপি দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এরই মধ্যে প্রস্তুতিও শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার মিরপুরে হয়েছে পুরো দলের ফটোসেশন। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের লক্ষ্য ও ভূমিকা নিয়ে কথা বলেন শামীম। জাতীয় দলের বাইরে থাকায় ব্যক্তিগতভাবে তার সবচেয়ে বড় লক্ষ্যই এখন পারফরম্যান্স দিয়ে ফেরার দরজা খুলে দেওয়া। শামীম বলেন, ‘অবশ্যই ব্যক্তিগত লক্ষ্য আছে। যেহেতু আমি জাতীয় দলের বাইরে, তাই লক্ষ্য থাকবে ভালো পারফর্ম করে আবার দলে ফিরে আসা। আমার ব্যক্তিগত লক্ষ্য হলো ভালো খেলা এবং দলকে জেতানো। মূলত এটাই আমার লক্ষ্য।’ টিটোয়েন্টিতে শামীমের পরিচিতি মূলত ফিনিশার হিসেবে। জাতীয় দলের হয়ে ছয় নম্বরে ব্যাট করে দ্রুত রান তোলার দায়িত্ব পেয়েছেন বেশ কয়েকবার। অস্ট্রেলিয়াতেও সেই ভূমিকাতেই দেখা যাবে তাকে। এইচপি দলের জার্সিতে নিজের কাজটা পরিষ্কার করেই জানালেন তিনি, ‘আমার ভূমিকা হলো ফিনিশিং দেওয়া। ছয় নম্বরে খেলি, তাই আমার কাজ, ম্যাচ শেষ করে আসা। দলকে জেতানোই আমার প্রধান কাজ। তাই, সেখানে ভালো করা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে অবশ্য শামীমের পরিচয় নতুন নয়। এর আগেও দেশটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। সেখানকার উইকেট নিয়েও ইতিবাচক তিনি। তবে পরিচিত কন্ডিশন হলেও মানিয়ে নেওয়ার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন এই ব্যাটার। অস্ট্রেলিয়ার মাটিতে ভালো করার পাশাপাশি এবার চোখ শিরোপাতেও। শামীম বলেন, ‘আমি এর আগেও সেখানে খেলেছি। ওখানকার উইকেট অনেক ভালো। আশা করছি, আমরা ভালো ক্রিকেট খেলতে পারব। সেখানে গিয়ে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। লক্ষ্য, অবশ্যই ভালো কিছু করা এবং চ্যাম্পিয়ন হওয়া। দেখা যাক, কী হয়।’

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার শরীর গঠন কমিটির সভা
পরবর্তী নিবন্ধরফিকের ২০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন হাসান