৫৫তম জশনে জুলুস আগামী ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই জুলুস এবারও জনসমুদ্রে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকেরা। এবারে জুলুসে নেতৃত্ব দেবেন আওলাদে রাসুল (দ.) আল্লামা সাবির শাহ। পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে প্রতিবারের মতো এবারও নানা আয়োজনে জশনে জুলুস উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। গতকাল সোমবার নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন।
তিনি বলেন, আগামী ২৩ আগস্ট রবিবার ঢাকায় এবং ২৬ আগস্ট বুধবার চট্টগ্রামে বৃহত্তম আয়োজনে জশনে জুলুস অনুষ্ঠিত হবে। এবারের জুলুসে নেতৃত্ব দেবেন দরবারে সিরিকোটের সাজ্জাদানশিন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম. জি. আ.)। অতিথি থাকবেন সাহেবজাদা হজরত সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ (ম. জি. আ.) ও শাহজাদা সৈয়দ মুহাম্মদ আকিব শাহ (ম. জি. আ.)।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন, আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আলম মনজু। তিনি বলেন, রাসূল (দ.) এ ধরাপৃষ্ঠে শুভাগমনের দিন বিশ্বের বৃহত্তম মিলাদ শোভাযাত্রা হিসেবে আলোচিত এ জুলুস এখন চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যের ধারক হিসেবেও রূপ লাভ করেছে। তাই এর শরিয়ত সম্মত ঐতিহ্য রক্ষা করা আমাদের দায়িত্ব। তিনি জুলুসের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন ও নির্ধারিত স্বেচ্ছাসেবকদের দিকনির্দেশনা বিশেষ করে আনজুমান ট্রাস্ট ঘোষিত নিয়ম মেনে চলার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৬ আগস্ট সকাল আটটায় ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন আলমগীর খানকা থেকে জুলুস শুরু হবে। এরপর নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড় ঘুরে জুলুস জামেয়া মাঠে এসে শেষ হবে। সেখানে মাহফিল, জোহর নামাজ ও দেশ জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হবে। ইতোমধ্যে নগরের বিভিন্ন মোড়ে সুসজ্জিত তোরণ, ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে। সড়ক বিভাজক ও সড়কদ্বীপে শোভা পাচ্ছে জাতীয় পতাকা ও আনজুমানের পতাকা। মুসল্লিদের সুবিধার্থে মাদ্রাসা ও আশপাশের এলাকায় শতাধিক অস্থায়ী শৌচাগার তৈরি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন, আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অ্যডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দিন, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দিন সাকের, ফিন্যান্স সেক্টর কামরুদ্দিন সবুর, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি গোলাম মহিউদ্দিন, কেবিনেট সদস্য মোহাম্মদ হোসেন খোকন, পেয়ার মোহাম্মদ, মাহমুদ নেওয়াজ, শাহজাদ ইবনে দিদার, আনজুমান মুখপাত্র অ্যাড. মোছাহেব উদ্দীন বখতিয়ার, আবদুল হাই মাসুম, আনোয়ারুল হক, মিডিয়া ডেস্কের যুগ্ম আহবায়ক আবু তালেব বেলাল, সদস্য সাব্বির আহমদ, সদস্য আবু নাছের মোহাম্মদ তৈয়ব আলী, কাশেম শাহ প্রমুখ।












