বর্তমান জলবায়ু ও পরিবেশ বিপর্যয় ঠেকাতে এবং সবুজায়ন বাড়াতে গাছের চারা রোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনায় চলমান সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। গতকাল রবিবার দুপুর ১২টায় বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এমদাদুল হক বাদশা চট্টগ্রাম নগরীর পরিবেশগত সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আজ আমাদের পরিবেশের বড় বিপর্যয় দেখা দিয়েছে। বর্ষাকাল চলে যাচ্ছে, অথচ ঠিকমতো বৃষ্টি হচ্ছে না। চট্টগ্রাম শহরের অলিগলি, রাস্তাঘাট এবং বিদ্যালয় প্রাঙ্গণগুলোতে পর্যাপ্ত গাছ না থাকার কারণে মানুষ এখন ভালোমতো অঙিজেন নিতে পারছে না। বাতাসে কার্বন ডাই–অঙাইডের পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। মনে রাখতে হবে, পরিবেশ বাঁচলে দেশ বাঁচবে। তাই আমাদের সবাইকে নিজ নিজ উদ্যোগে গাছ লাগাতে হবে। বাকলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদুর সঞ্চালনায় কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সহ–অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, নগর যুবদল নেতা জাবেদুল হক জাবেদ, চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দামুল হক, নগর ছাত্রদলের সাবেক সহ–সভাপতি সালেহনূর নাসিম, চকবাজার থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ–সভাপতি রাকিবুল হাসান রাকিব, চকবাজার থানা মহিলা দলের সভানেত্রী নাজমা বেগম এবং যুবদল নেতা মোঃ দুলাল। নগর যুবদলের এই ইতিবাচক ও পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, আমি যুবদলকে ধন্যবাদ জানাই, তারা অত্যন্ত সময়োপযোগী এবং একটি চমৎকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ সময় তিনি বিদ্যালয় প্রাঙ্গণে নিয়মিত বৃক্ষরোপণ ও সঠিক পরিচর্যার মাধ্যমে একটি সবুজ ও মনোরম পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।










