বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আবৃত্তি এবং এসএসসি উত্তীর্ণদের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় নগরের মোমিন রোডে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এবং চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি প্রাবন্ধিক জসীম চৌধুরী সবুজ। উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম বিকাশ দাশের সঞ্চালনায় কথামালায় অংশ নেন উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আয়াজ মাবুদ এবং উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা কমিটির সহসভাপতি সুনীল ধর।
বক্তারা বলেন, বাংলাদেশের সংস্কৃতি ও গণমানুষের অধিকারের সংগ্রামকে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক ও বহুত্ববাদের চেতনায় সঠিক পথ দেখাতে উদীচী ধ্রুবতারার মতো আলোকবর্তিকা হয়ে পথ চলছে ৫৭ বছর ধরে।
প্রধান অতিথি হাবিবুল আলম বলেন, উদীচী জন্মলগ্ন থেকে সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন। দেশের সম্পদে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গণ–প্রতিরোধের মাধ্যমে উদীচীর লড়াই অব্যাহত থাকবে। আলোচনা সভা শেষে সংগীত পরিবেশন করে বিশ্বতান, আবৃত্তি করেন জয়শ্রী মজুমদার। গণসংগীত পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের শিল্পীরা। প্রেস বিজ্ঞপ্তি।












