মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার নির্বাহী ও বার্তা প্রধানদের সঙ্গে মতবিনিময়ে সরকার প্রধান বলেন, আমরা চাই না সারাক্ষণ রাজনীতি নিয়ে কথা বলব.. হাটে–ঘাটে মাঠে সব সময়। আমাদের অর্থনীতি রয়েছে, সমাজনীতি রয়েছে, মানবিক মূল্যবোধ রয়েছে।
একটা কুকুরকে মারা হচ্ছে আর আমরা বসে বসে ভিডিও করছি..একটা পশুকে মেরে ফেলছে, একটা মানুষকে মেরে ফেলছে…এই যে, আমাদের মধ্যে যে মানবিক অনুভূতিগুলো, মানবিক মূল্যবোধগুলো জাগিয়ে তোলা দরকার। আমাদের মধ্যে সামাজিক বোধগুলো জাগিয়ে তোলা দরকার। এ ব্যাপারে সাংবাদিকদের ভূমিকা রাখার ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। খবর বিডিনিউজের।
মতবিনিময় সভার পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিক বলেন, প্রধানমন্ত্রী বলেছেন যে, আগামী দিনগুলোতে তিনি মিডিয়ার সঙ্গে কথা বলবেন, মতবিনিময় করবেন।
সভার বিষয়ে মোহনা টিভির বার্তা প্রধান রাশেদুল হক বলেন, আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে গণমাধ্যমের বর্তমান অবস্থা এবং বিভিন্ন নিয়ে আলাপ করছি। সোহার্দপূর্ণ পরিবেশে খোলামেলাভাবে আমরা আমাদের বক্তব্য প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করতে পেরেছি। ইউরোপ বা আমেরিকা নয়, বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা বাসযোগ্য মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী।
গণমাধ্যম কমিশন গঠন, ইলেক্ট্রনিক মিডিয়ার জন্য পৃথক বেতন কাঠামো নির্ধারণ, সাংবাদিকদের কর্ম পরিবেশ এবং তাদের চাকরির নিরাপত্তাসহ বিভিন্ন দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে বলে তথ্য দেন রাশেদুল হক। মতবিনিময় সভায় তথ্য ও সমপ্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, বাংলা ভিশনের প্রধান সম্পাদক ও বার্তা প্রধান আবদুল হাই সিদ্দিক, সময় টিভির সিইও জুবায়ের বাবু, ডিবিসির প্রধান সম্পাদক লোটন ইকরাম, মোহনা টিভির বার্তা প্রধান রাশেদুল হক, একাত্তর টিভির সিইও শফিক আহমেদ, জিটিভির গাউসুল আজম বিপু, দেশ টিভির বার্তা সম্পাদক মহিউদ্দীন আহমেদ, নিউজ টোয়েন্টিফোরের হেড অব নিউজ শরিফুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফোরের হেড অব নিউজ জহিরুল আলম, যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ, নাগরিক টিভির সম্পাদক ইরফানুল হক নাহিদ, আরটিভির বার্তা প্রধান ইলিয়াস হোসেন, বাংলা টিভি এম এম বাদশা বক্তব্য দেন।
এছাড়া তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান, মাহাদী আমিন, প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট লেখক এস এ এম মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সভায় উপস্থিত ছিলেন।












