আগামী ৮ জুন থেকে শুরু হচ্ছে বাফুফে আয়োজিত অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্ব। ২০২৫ – ২৬ এর কর্ণফুলী জোনের (চট্টগ্রাম বিভাগ) খেলায় চট্টগ্রাম জেলা দল চ্যাম্পিয়ন হয়ে ইতিমধ্যেই চূড়ান্ত পর্বে উন্নীত হয়েছে। আসন্ন বাফুফে অনূর্ধ্ব–১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বকে সামনে রেখে চট্টগ্রাম জেলা দলের অনুশীলন গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। গতকাল বিকালে বায়েজিদস্থ পিএইচপি টার্ফে অনুশীলনের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নব–নির্বাচিত চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ– সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন। সাবেক এই ফুটবলার তাঁর বক্তব্যে চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে চট্টগ্রাম জেলা দলের সাফল্য কামনা করেন এবং প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। সিডিএফএ সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলালের সঞ্চালনায় অনুশীলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রাম আবদুল বারী, সিজেকেএস ক্লাব সমিতির সহ সভাপতি আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ এ কে এম আবদুল হান্নান আকবর, সিডিএফএ কোষাধ্যক্ষ মো. দিদারুল আলম, সদস্য মো. হারুনুর রশীদ, আবু সৈয়দ মাহমুদ, মো. সরওয়ার আলম চৌধুরী মনি, কাজী জসিম উদ্দিন, জসিম আহামেদ, সাইফুল আলম খান, যুগ্ম সম্পাদক ও টিম ম্যানেজার ইয়াসির আরাফাত পাবলু, সালাউদ্দিন জাহেদ, সিজেকেএস কাউন্সিলর এনামুল হক এনাম, এস এম সাইফুদ্দিন চৌধুরী, রায়হান উদ্দীন রুবেল, সোহেল আহামেদ, সিডিএফএ কাউন্সিলর আলী আকবর, জহির উদ্দিন, ক্রীড়া সংগঠক বিপ্লব দে পার্থ, দিদারুল আলম চৌধুরী, সাবেক ফুটবলার ও কোচ হায়দার কবির প্রিন্স, আনোয়ার হোসেন, মাহাফুজুর রহমান খোকন, চট্টগ্রাম দলের কোচ আবূুর সবুর, সহকারী ম্যানেজার আবু তালেব মো. মহসীন সুমন। অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক মসিউল আলম স্বপন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ–সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে সিডিএফএ’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ৮ জোনের জেলা দলগুলো হলো : কর্ণফুলী জোন–চট্টগ্রাম জেলা,সুরমা জোন–মৌলভীবাজার জেলা, পদ্মা জোন–নীলফামারি জেলা,পদ্মা জোন–সিরাজগঞ্জ জেলা, শীতলক্ষ্যা জোন–জামালপুর জেলা,কীর্তনখোলা জোন–পিরোজপুর জেলা, ধলেশ্বরী জোন–রাজবাড়ী জেলা এবং চিত্রা জোন–মাগুরা জেলা। আগামী ৮ জুন থেকে এই ৮ দলকে দুই গ্রুপে বিভক্ত করে ঢাকা কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মো. মোস্তফা কামাল স্টেডিয়ামে চূড়ান্ত পর্বের খেলা শুরু হবে।












