উপাচার্যকে ঘিরে সৃষ্ট দীর্ঘদিনের প্রশাসনিক অচলাবস্থা নিরসন না হওয়ায় আবারও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। একই দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্র চত্বরে অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তারা। দ্রুত সংকট সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করে শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রশাসনিক জটিলতার অবসান হলেই তারা আন্দোলন প্রত্যাহার করে ক্লাস ও পরীক্ষায় ফিরে যাবেন। এর আগে গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার (কমপ্লিট শাটডাউন) ঘোষণা দেওয়া হয়। পরে রাত ২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের বাসে করে নগরীর আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচি শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কাজীর দেউড়ি মোড় ঘুরে পুনরায় আইইবি প্রাঙ্গণে ফিরে আসেন তারা। কর্মসূচি ও মিছিলে ‘শরীফুলের ঠিকানা এই চুয়েটে হবে না’, ‘আমরা কী চাই? সমাধান’, ‘প্রহসনের ভিসি, মানি না মানব না’সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশাসনিক স্থবিরতার কারণে গত প্রায় পাঁচ মাস ধরে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহকারীদের বেতন বন্ধ রয়েছে। পাশাপাশি দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় ওষুধ, জ্বালানি, লেখার কালি, পরীক্ষার খাতা এবং প্রশ্নপত্র তৈরির কাগজেরও তীব্র সংকট দেখা দিয়েছে। দ্রুত এ পরিস্থিতির অবসান না হলে বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের সেশনজটের আশঙ্কা করছেন তারা।
কর্মসূচিতে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালীব বলেন, ‘আপনারা একটা ভিসি আমাদের দেন। আমাদের ক্লাসে যাওয়ার ব্যবস্থা করে দেন। আমাদের ক্যারিয়ারটা যে অবস্থায় আছে, সেই অবস্থা থেকে সচল করার সুযোগ দেন। চুয়েটের অচলাবস্থাটা দূর করেন। যতটুকু হোক, এটাই চেষ্টা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান, শিক্ষামন্ত্রীসহ সরকারি নীতিনির্ধারকদের কাছে এটাই আমাদের দাবি।’ যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, ‘গত দুই মাসের বেশি সময় ধরে শান্তিপূর্ণ আন্দোলন চললেও সংকট সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তাই সব ব্যাচের সম্মতিক্রমে আমরা আবারও কমপ্লিট শাটডাউন পালনে বাধ্য হয়েছি।’
এদিকে শিক্ষার্থীদের দাবির বিষয়ে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম জানান, চুয়েটের শিক্ষা কার্যক্রম সচল রাখা এবং সেশনজট এড়ানোকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। তিনি বলেন, ‘ঢাকার সঙ্গে যোগাযোগ করছি, আমাদের হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করছি। নতুন প্রেসিডেন্ট–সেক্রেটারি আছেন হেডকোয়ার্টারে। আমাদের জেনারেল সেক্রেটারি আছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করছি। চুয়েটের অনেক শিক্ষার্থীও সচিব পর্যায়ে আছেন, তাঁদের সঙ্গেও যোগাযোগ করছি, যাতে চুয়েটের এই অচল অবস্থার অবসান হয়।’
গত ২৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে দায়িত্ব দেওয়ার মাত্র ৫৬ দিনের মাথায় সরিয়ে দেওয়া হয়। ২১ সেপ্টেম্বর তাঁর স্থলে কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়। সেদিন রাতেই শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে উপাচার্য ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন এবং পরদিন ২২ সেপ্টেম্বর থেকে ক্লাস–পরীক্ষা বন্ধ রেখে ‘কমপ্লিট শাটডাউন’ শুরু করেন। আন্দোলনকারীদের ভাষ্য, কোনো কারণ দর্শানো ছাড়াই শিক্ষার্থীবান্ধব একজন উপাচার্যকে সরানো হয়েছে। পরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশও কর্মবিরতি ও অসহযোগে যুক্ত হন।
এরপর ১৩ অক্টোবর নতুন উপাচার্য শরীফুল আলম প্রশাসনিক ভবনে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহায়তায় উদ্ধার হন। শিক্ষার্থীরা দাবি করেন, ক্যাম্পাসে না ফেরার শর্তে তিনি ছাড়া পেয়েছিলেন; তবে উপাচার্য প্রতিবাদলিপিতে জানান, এমন কোনো বক্তব্য বা বিবৃতি তিনি দেননি। টানা ৩৬ দিনের শাটডাউন শেষে ২৮ অক্টোবর ক্লাস–পরীক্ষা শুরু হলেও প্রশাসনিক ভবনে দেওয়া তালা না খোলায় বিভিন্ন প্রকল্পের অর্থছাড় ও যানবাহনের বিলসহ নানা কাজ বন্ধ থাকে।
সর্বশেষ গত মঙ্গলবার মধ্যরাতে শিক্ষার্থীদের এক সভায় শরীফুল আলমকে উপাচার্য হিসেবে মেনে না নেওয়ার সিদ্ধান্ত হয় এবং ক্যাম্পাসে মিছিল করে তাঁকে ‘বয়কট’ ঘোষণা করা হয়। এরপর শিক্ষক সমিতি সায়েমকে পুনর্বহালের দাবি থেকে সরে এসে চুয়েটের ভেতর থেকে নতুন উপাচার্য নিয়োগের প্রস্তাব দিয়েছে।











