লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পনা অনুযায়ী পরিশ্রম ও ধৈর্যের সঙ্গে এগিয়ে গেলেই টেকসই সফলতা অর্জন সম্ভব বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত। চট্টগ্রামে নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা, আইন ও পদ্ধতিগত নির্দেশনামূলক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প–১–এর আওতায় ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন্টারন্যাশনালের আয়োজনে ও চিটাগাং উইম্যান চেম্বারের সহযোগিতায় গত ৩ অক্টোবর থেকে সেমিনার হলে প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে চিটাগাং উইম্যান চেম্বার পরিচালক আমেনা শাহীন বলেন, প্রশিক্ষণার্থীদের সফলতার মধ্যেই এ কর্মসূচির প্রকৃত সার্থকতা নিহিত। অতিথি ছিলেন, উইম্যান চেম্বার পরিচালক চৌধুরী জুবাইরা সাকী জিপসি, পরিচালক রেহেনুমা মরিয়ম তুলি। শুভেচ্ছা বক্তব্য দেন– উইম্যান চেম্বার পরিচালক ও প্রশিক্ষক নূজহাত নূয়েরী কৃষ্টি। বক্তব্য দেন, প্রশিক্ষক মো. হাফিজুর রহমান, আব্দুল্লাহ খাঁন। পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তার হাতে সনদ তুলে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।












