বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৮ মে বৃহস্পতিবার। গতকাল সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এই সিদ্ধান্ত হয়। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এতে সভাপতিত্ব করেন। সভা শেষে জানানো হয়, বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ২৮ মে সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। খবর বিডিনিউজের।
জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে পশু কোরবানি দেওয়া হয়, যার মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বর্জন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভই ইসলামের শিক্ষা। ঈদুল আজহা উপলক্ষে এবার ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
সৌদি আরবে রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ২৭ মে সেদেশে ঈদুল আজহা উদযাপন হবে, তার আগের দিন ২৬ মে হবে হজের মূল আনুষ্ঠানিকতা। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন হয়।













