চসিকের অভিযানে ৭০ দোকান উচ্ছেদ ফার্নিচার জব্দ

| বুধবার , ৩ নভেম্বর, ২০২১ at ১১:১৯ পূর্বাহ্ণ

নগরীর মুরাদপুর এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এ সময় এন মোহাম্মদ প্লাস্টিক মোড় থেকে শুরু করে দুই নম্বর গেট পর্যন্ত প্রায় ৭০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। তাছাড়া ফুটপাত দখল করে রাখা ফার্ণিচার দোকানের কিছু কাঠের ও এসএসের চেয়ার জব্দ করে চসিকের সাগরিকা ইয়ার্ডে জমা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার চসিকের পরিচ্ছন্নতা বিভাগ এ অভিযান পরিচালনা করে। খবর বাসসের।
চসিকের কর্মকর্তারা জানান, মুরাদপুরের এ স্পটে বেশ কয়েকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চসিক। কিন্তু অভিযানে একদিন না যেতেই ফের দখল হয়ে যায় ফুটপাত। যাদের বারবার সতর্ক করার পরও সংশোধন হয়নি তাদের মালামাল জব্দ করা হয়েছে।
চসিকের উপ-প্রধান কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বলেন, ফুটপাত দখল করে বিভিন্ন দোকান বসেছিল, এছাড়া স্থায়ী দোকানদাররা ফুটপাতে মালামাল রেখে ব্যবসা পরিচালনা করছিল। কিছু চেয়ার জব্দ করে সাগরিকা ইয়ার্ডে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী লায়ন্স ক্লাবের মাসিক সভা
পরবর্তী নিবন্ধরক্তদান দিবসে সন্ধানী চমেক ইউনিটের বর্ণাঢ্য র‌্যালি