চবির ভর্তি পরীক্ষা মে’র শেষের দিকে

ডিনস কমিটির প্রাথমিক সিদ্ধান্ত

চবি প্রতিনিধি | বুধবার , ১০ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা ঈদের পর মে মাসের শেষের দিকে গ্রহণ করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার উপাচার্য দপ্তরের সভা কক্ষে ডিনস কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। সভায় ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। অনুষদের ডিনরা তাদের মতামত তুলে ধরেন।
আগামী ২৪ ফেব্রুয়ারি আরেকটি বৈঠক হবে। ওই বৈঠকে সিদ্ধান্তগুলো চূড়ান্ত করা হবে। এর আগে বিভিন্ন অনুষদের ডিনরা স্ব স্ব বিভাগীয় সভাপতির সাথে এ নিয়ে আলোচনা করবেন। সর্বশেষ বিশ্ববিদ্যালয় উপাচার্য পর্ষদের সভা শেষে ভর্তি পরীক্ষা হবে।
এবার উচ্চ মাধ্যমিকে অটোপাস দেওয়া হয়েছে। সেক্ষেত্রে জিপিএ নম্বর থাকা না থাকা নিয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও জিপিএ নম্বর কমিয়ে আনার ব্যাপারে বেশিরভাগ মতামত এসেছে। তবে আগের মতোই স্বশরীরে পরীক্ষা এবং ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষা হবে। বাড়তে পারে পাস নম্বরও।
চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাসিম হাসান আজাদীকে বলেন, মে মাসের শেষের দিকে পরীক্ষা নেওয়ার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। অন্য সব বিষয়ে আলোচনা হয়েছে। আরেকটি বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে এইচএসসির জিপিএর নম্বর কমতে পারে। তবে পরীক্ষার তারিখ উপাচার্য পর্ষদের সভা শেষে জানানো হবে। একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোসাইন আজাদীকে বলেন, আজ প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। ডিনরা বিভাগীয় সভাপতিদের সাথে বসবেন। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
চবিতে এ, বি, সি ও ডি চারটি ইউনিট এবং বি১ এবং ডি১ উপ-ইউনিটে মোট ৪ হাজার ৯২৬ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে। এতে বিজ্ঞানের জন্য এ, ব্যবসায়ের জন্য সি এবং বি ও ডি ইউনিটে সকল (বিভাগ পরিবর্তন) বিভাগের শিক্ষার্থী অংশ নিতে পারবে। উপ-ইউনিটেও সকল বিভাগের শিক্ষার্থী অংশ নিতে পারবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অটোমেশনের মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধবসতঘরে অগ্নিদগ্ধ হয়ে প্রভাষকের মৃত্যু
পরবর্তী নিবন্ধছয় পুলিশ দুদিনের রিমান্ডে