চন্দনাইশে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণ

কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধান বীজ বিতরণ করলেন এমপি জসিম

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ বলেছেন, পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করে উৎপাদন বৃদ্ধি, কৃষকদের সক্ষমতা বৃদ্ধি, নতুন প্রযুক্তির পরিচয়, সার বা বালাইনাশকের সুষম ব্যবহার, দেশের এক ফসলি জমিতে অধিক ফসল উৎপাদন, উদ্ভাবনী ফসল চাষাবাদ এবং নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি পুষ্টিগত উন্নয়ন, উদ্যোক্তা তৈরীসহ নানাবিদ উপকার পাবেন কৃষকরা। তিনি গতকাল শুক্রবার চন্দনাইশ উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চন্দনাইশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

চন্দনাইশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আজাদ হোসেনের সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা রূপায়ন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াছ খান, একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, বিএনপি নেতা এম এ হাশেম রাজু, ইফতেখার উদ্দীন সুমন প্রমুখ। পরে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধান বীজসহ কৃষি উপকরণ বিতরণ করেন এমপি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে অনলাইন জুয়ার আসর থেকে ৩ যুবক আটক
পরবর্তী নিবন্ধবিশেষ চাহিদাসম্পন্ন দরিদ্র শিশুদের জন্য অর্কেস্ট্রা ইন্টিগ্রেটেড সেন্টারের সেবা