সর্বসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার প্রায় এক বছরের মাথায় জরুরি বিভাগ চালু হয়েছে চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতালে। তবে এখনো চালু হয়নি অপারেশন থিয়েটার। ইনডোর সার্ভিসও পুরোদমে চালু হয়নি। সাধারণ রোগীরা পাচ্ছেন না সরকারি কোনো ওষুধপত্র। সব রোগীদের জন্য নেই খাবারের ব্যবস্থা। এসব ব্যবস্থা চালুর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে বলে জানা গেছে। তবে হাসপাতালের আউটডোর সার্ভিস সবার জন্য উন্মুক্ত রয়েছে এবং ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিদিন আউটডোরে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করছেন বলে জানান রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. তুহিন বিনতে হালিম।
তিনি গতকাল আজাদীকে জানান, হাসপাতালের জরুরি বিভাগ চালু হয়েছে। কেবিনে রোগী থাকার ব্যবস্থা চালু হয়েছে। আউটডোর সার্ভিস এবং জরুরি বিভাগ চালু হওয়ায় রোগীরা মোটামুটি ভালোই সার্ভিস পাচ্ছেন বলে জানান তিনি। তবে এখনো অপারেশন থিয়েটার চালু হয়নি বলে জানান প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. তুহিন বিনতে হালিম।
গত বছরের মে মাসে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্স দেয়া হলে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় সিআরবিস্থ রেলওয়ে জেনারেল হাসপাতালটি। তখন থেকেই হাসপাতালটিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে আউটডোরে চিকিৎসা সেবা চালু হয়। প্রতিদিন সকাল ৮টা থেকে আড়াইটা পর্যন্ত রোগীদের বিভিন্ন রোগের চিকিৎসা সেবা কার্যক্রম চালু রয়েছে।
এ ব্যাপারে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম আজাদীকে বলেন, রেলওয়ে জেনারেল হাসপাতালে অপারেশন থিয়েটার চালু হওয়া দরকার। অপারেশন থিয়েটার চালু করতে হলে অনেক মেশিনারিজ–ইক্যুইপমেন্ট দরকার। ওষুধ দরকার হবে। অপারেশন থিয়েটারসহ ধারাবাহিকভাবে অন্যান্য বিভাগ গুলো চালুর জন্য আমাদেরকে এখন মন্ত্রণালয় থেকে বলেছে। সব রোগীরা যেন ওষুধ পায় এবং খাবার–দাবার পায় এ জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। রেলওয়ের পক্ষ থেকেও উনারা চিঠি দিয়েছেন। ওষুধ এবং রোগীদের খাবারের জন্য মন্ত্রণালয় থেকে বরাদ্দ দিবে। আমাদের হাসপাতাল গুলোতে সরকারি এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী থেকে ওষুধ সরবরাহ করা হয়। অত্যাবশকীয় ওষুধ গুলো এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী থেকে দেয়া হয়। এখন শুধুমাত্র রেলওয়ের নিজস্ব কর্মচারীরা ওষুধ পায় রেলওয়ে থেকে। হাসপাতালের চিকিৎসক, নার্সদের সাথে কথা বলে জানা গেছে, বর্তমানে অর্থপেডিঙ, গাইনি এন্ড অবস, মেডিসিন, চর্ম ও যৌন, কার্ডিওলজি, ইএনটি, ডেন্টাল এবং সার্জারি সেবা প্রদান করা হচ্ছে।














