জুলাই ২০২৪–এর গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ ও আহত যোদ্ধাদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গতকাল সোমবার চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিমের পিতা মো. শফিউল আলম এবং আহত জুলাই যোদ্ধা আলিফ উদ্দিন রুবেলকে ‘বিপ্লবী সম্মাননা’ প্রদান করা হয়। শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ, জাতীয় সংগীত পরিবেশনা করা হয় এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ডা. মেহেদী হাসান ইমাম ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণমূলক একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন। সঞ্চালনায় ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ডা. সুলতানা রুমা আলম।
সভায় বিশেষ অতিথি ছিলেন সিএমইউ সিন্ডিকেট সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী, অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. অজয় দেব, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রহিমউল্লাহ চৌধুরী, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন ডা. মো. ইব্রাহীম চৌধুরী এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. তসলিম উদ্দিন। সভায় চমেবির কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. ময়নাল হোসেন, উপ রেজিস্ট্রার মোহাম্মদ ইকতিয়ারুল হক, বিশ্ববিদ্যালয়ে কর্মরত জুলাইযোদ্ধা হামিদা আক্তার মৌসুমি বক্তব্য দেন। অনুষ্ঠানে বিআইটিআইডির অধ্যাপক ডা. মামুনুর রশীদ, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ) মোহাম্মদ ইকরামুল হক খানসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












