চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

| বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ at ৭:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করার লক্ষ্যে আর্ত মানবতার সেবায় এগিয়ে এসেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।

জাপানের নিপ্রো কর্পোরেশনের তৈরি আধুনিক হেমোডায়ালাইসিস মেশিন উপহার দিয়ে কিডনি রোগীদের চিকিৎসাসেবার উন্নয়ন এবং ডায়ালাইসিস সুবিধা সমপ্রসারণে সহযোগিতার অংশ হিসেবে পার্কভিউ হসপিটাল লিমিটেডের এ উদ্যোগ একটি মানবিক ও জনকল্যাণমূলক পদক্ষেপ। এই উদ্যোগের মাধ্যমে কিডনি রোগীদের চিকিৎসাসেবায় সহায়তা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অবদান রাখার প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।

এ প্রসঙ্গে পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম বলেন, কিডনি রোগীদের জন্য নিয়মিত ডায়ালাইসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিকিৎসাসেবা। অনেক রোগীকে দীর্ঘ সময় ধরে এই চিকিৎসার ওপর নির্ভর করতে হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবায় সহায়তা করতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে এই মেশিন উপহার দিতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের পাশে দাঁড়ানো এবং চিকিৎসাসেবার উন্নয়নে অবদান রাখার এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন, হৃদরোগ বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. হাফেজ মো. মুজিবুল হক, কিডনি রোগ বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. সাদ্দাত হোসেন এবং ডা. আব্দুল কাদের, সিনিয়র স্টোর অফিসার ডা. আতাউর রহমান এবং স্টোর অফিসার ডা. জুনায়েদ। পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন হাসপাতালের মার্কেটিং ডিরেক্টর ডা. মো. শাহ আলম, জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) তালুকদার জিয়াউর রহমান শরীফ, ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআর) মোহাম্মদ হুমায়ুন কবির, ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড) মো. জাহেদুল ইসলাম, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন এবং পার্কভিউ হসপিটাল লিমিটেডের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড বিভাগের কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরসায়ন অলিম্পিয়াড চট্টগ্রাম অঞ্চলের পরীক্ষা ৩১ অক্টোবর
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালে ইন্টারনাল মেডিসিন দিবসে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার