ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে আরো ৫ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর এক দিনে এডিস মশাবাহিত এ রোগে সর্বোচ্চ প্রাণহানি। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১৮ জনের মৃত্যু হল, এর মধ্যে শুধু চলতি মাসেই প্রাণ গেছে ১৩ জনের। এর আগে গত ২৪ জুন চলতি বছরের মধ্যে ডেঙ্গুতে সর্বোচ্চ ২ জনের মৃত্যু হয়।
গতকাল সোমবার অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে সারা দেশে মোট ১২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশেন এলাকার হাসপাতালে ১৬ জন ও দক্ষিণ সিটির হাসপাতালে ১৭ জন ভর্তি হন। এর বাইরে ঢাকা বিভাগে দুইজন, বরিশাল বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৮ জন, খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহে দুইজন, রাজশাহীতে আটজন হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর বিডিনিউজের।
গত একদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুইজন রয়েছেন। এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং ময়মনসিংহে একজন করে মারা গেছেন। তাদের মধ্যে এক শিশুও রয়েছে। চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মারা গেছে ঢাকার দুই সিটিতে সাতজন। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ চারজন মারা গেছে ময়মনসিংহে। এর বাইরে চট্টগ্রামে তিনজন, ঢাকা শহরের বাইরে, বরিশাল, খুলনা ও রাজশাহীতে একজন করে মারা গেছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারির থেকে এ পর্যন্ত ৫ হাজার ৯২৪ জন ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়; তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ৪৫৫ জন।











