চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের চূড়ান্ত বাছাই কার্যক্রম সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৩১ অক্টোবর, ২০২৬ at ১১:০৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে অনূর্ধ্ব–১৫ চট্টগ্রাম জেলা দল গঠনকল্পে অসমাপ্ত চূড়ান্ত খেলোয়াড় বাছাই কার্যক্রম গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। ইতিপূর্বে প্রাথমিক বাছাইকৃতদের মাঝ থেকে গতকাল দুপুরে ৫০ জনকে চূড়ান্তভাবে বাছাই করা হয়। বাফুফে প্রতিনিধিদের উপস্থিতিতে আগামী ৪ নভেম্বর যাচাই বাছাই শেষে এদের মধ্য থেকে সর্বোচ্চ ২৫ জনকে নির্বাচিত করা হবে। এই ২৫ জনকে সেদিন রেজিষ্ট্রেশন করিয়ে ট্রেনিংয়ের আওতায় আনা হবে। অনূর্ধ্ব–১৫ চট্টগ্রাম জেলা ফুটবল দল গঠিত হবে এদের দিয়েই।

বাফুফে অনূর্ধ্ব–১৫ জাতীয় চ্যাম্পিয়নশীপ শুরুর পূর্বে চট্টগ্রাম জেলা দলের অনুশীলন এদেরকে দিয়েই শুরু হবে। গতকাল চূড়ান্ত দিনে খেলোয়াড় বাছাই কমিটির আহবায়ক ও সিডিএফএ সিনিয়র সহ–সভাপতি নজরুল ইসলাম লেদুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত বাছাই পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন সাবেক ফুটবলার সাজিব বিকাশ বড়ুয়া টুটুল, মোহাম্মদ নাসির, নাজিম আসকার বাবু, কাজী কামরুল ইসলাম পাভেল।

বাছাই কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, নিবার্হী সদস্য কাজী জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ৫০ উইকেটের ক্লাবে নাঈম
পরবর্তী নিবন্ধএশিয়ান গ্রুপ কর্পোরেট ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন