চট্টগ্রাম চেম্বার সভাপতির সঙ্গে ক্যাটল ফার্মারদের বৈঠক

জানুয়ারিতে চট্টগ্রামে দেশের সবচেয়ে বড় ক্যাটল শোর প্রত্যাশা

| শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম চেম্বার সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন চট্টগ্রামের ক্যাটল ফার্মাররা। গত ২৩ সেপ্টেম্বর নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে চট্টগ্রাম ক্যাটেল ফার্মার্স কমিউনিটির অন্যতম প্রতিনিধি ও এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালামের নেতৃত্বে ক্যাটল ফার্মারদের একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেয়।

এতে চট্টগ্রাম চেম্বার সভাপতি আমিরুল হক বলেন, চট্টগ্রামের প্রায় ১৫ হাজার কোটি টাকার গবাদিপশু ও সংশ্লিষ্ট ব্যবসায়িক খাতের সঙ্গে সম্পৃক্ত তরুণ উদ্যোক্তা ও খামারিদের এগিয়ে আসা খুবই ইতিবাচক। তরুণ খামারিদের এমন উদ্যোগ দেখে আমি খুবই আনন্দিত। একইসঙ্গে আসন্ন চট্টগ্রাম ক্যাটল এক্সপো সফল করতে চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। ক্যাটল ফার্মারদের পক্ষে ওয়াসিফ আহমেদ সালাম বলেন, আমাদের এই খাত সম্ভাবনাময় হলেও পথচলায় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা ও সমস্যার মুখোমুখি হতে হয়। এসব সমস্যা সমাধানে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সহযোগিতা ও দিক–নির্দেশনা ফার্মারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, ২০২৭ সালের জানুয়ারিতে চট্টগ্রাম ক্যাটল এক্সপো আয়োজনের পরিকল্পনা রয়েছে। সকলের সহযোগিতায় এটিকে দেশের সবচেয়ে বড় ও আকর্ষণীয় ক্যাটল শো হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আয়োজকরা কাজ করছেন।

বৈঠকে চট্টগ্রামের ক্যাটল ফার্মারদের পক্ষ থেকে সাগর চৌধুরী চট্টগ্রাম ক্যাটল এক্সপোর বিগত আয়োজন, ভবিষ্যৎ পরিকল্পনা ও ভিশন নিয়ে বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে দেশের ক্যাটল ও ডেইরি খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা, তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ততা এবং এই শিল্পের সম্ভাবনাকে বৃহত্তর পরিসরে তুলে ধরার বিভিন্ন দিক উপস্থাপন করা হয়। বৈঠকে উভয় পক্ষ চট্টগ্রামের ক্যাটল ফার্মিং ও সংশ্লিষ্ট ব্যবসায়িক খাতকে আরও সংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি চট্টগ্রাম ক্যাটল এক্সপো সফল করতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামকে নান্দনিক শহর হিসেবে গড়ে তোলা রিহ্যাব সদস্যদের পক্ষে সম্ভব
পরবর্তী নিবন্ধপিটুপির উইকন প্রপার্টিজের ৩ দিনের বিক্রয় উৎসব শুরু