চট্টগ্রাম কলেজে ১৬তম রসায়ন অলিম্পিয়াডের প্রিলিমিনারি পরীক্ষা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণ করে চট্টগ্রাম অঞ্চলের ২৮ টি কলেজের ১০৬৪ জন শিক্ষার্থী। সকাল দশটা থেকে শুরু হয়ে এক ঘন্টার পরীক্ষায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে সনদ এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ফলাফলের অপেক্ষায় থাকে। সংক্ষিপ্ত ও অনাড়ম্বর অনুষ্ঠান শেষে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবিপ্রবি’র উপাচার্য প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। চবি রসায়ন বিভাগের প্রফেসর ড. শামীম ডাক্তারের উপস্থিতি শিক্ষার্থীদের বিশেষভাবে উজ্জীবিত করে। চট্টগ্রাম কলেজ রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এ কে এম শামসু উদ্দিন আজাদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাবেক অতিরিক্ত সচিব মো. জাফর আলম, বাংলাদেশ রসায়ন সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ প্রফেসর ড. নু ক ম আকবর হোসেন এবং কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. মুহাম্মদ ইদ্রিস আলী। চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শওকত হোসেন ফারুকী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে চট্টগ্রাম বন্দর কলেজের মিনহাজ হোসাইন ফাহিম। দ্বিতীয় স্থান অধিকার করে চট্টগ্রাম কলেজের সিয়াম হোসাইনী জিম এবং তৃতীয় স্থান অধিকার করে একই কলেজের নিবিড় কর্মকার। আগামী ২৮ নভেম্বর ঢাকায় কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত পরীক্ষায় নির্বাচিতদের ২০২৭ সালের ১৯ থেকে ২৭ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য তাইওয়ানের তাইপেতে বিশ্ব অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।












