বিশ্ব হেপাটাইটিস টেস্টিং উইক ২০২৬ উপলক্ষে লিভার কেয়ার সোসাইটির উদ্যোগে নগরীর হলি নার্সিং কলেজ এবং ডা. উম্মে সালমা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ইনস্টিটিউটে দিনব্যাপী হেপাটাইটিস সচেতনতামূলক সেমিনার, বিনামূল্যে হেপাটাইটিস বি ও সি স্ক্রিনিং এবং হেপাটাইটিস বি টিকাদান কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান এবং লিভার কেয়ার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদ। এ সময় হলি নার্সিং কলেজের প্রিন্সিপাল ছবি বড়ুয়া, লিভার কেয়ার সোসাইটির দপ্তর সম্পাদক মোহাম্মদ আইয়ুব, অফিস এক্সিকিউটিভ মিজানুর রহমান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং লিভার কেয়ার সোসাইটির স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। সচেতনতামূলক সেমিনারে অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদ হেপাটাইটিস বি ও সি–এর সংক্রমণের কারণ, লক্ষণ, প্রতিরোধের উপায়, সময়মতো পরীক্ষা ও চিকিৎসার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি হেপাটাইটিস নিয়ে সমাজে প্রচলিত বিভিন্ন ভুল ধারণা ও কুসংস্কার দূর করতে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বিশেষভাবে নার্সিং শিক্ষার্থীদের পেশাগত জীবনে সংক্রমণ প্রতিরোধ, নিরাপদ স্বাস্থ্যসেবা প্রদান এবং হেপাটাইটিস বি টিকা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। কর্মসূচির আওতায় ৩৫০ জনের অধিক নার্সিং শিক্ষার্থীর বিনামূল্যে হেপাটাইটিস বি ও সি পরীক্ষা (স্ক্রিনিং) করা হয়।
পাশাপাশি শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে ২৩০ জনের অধিক ছাত্রছাত্রীদের মাঝে স্বল্পমূল্যে হেপাটাইটিস বি টিকা প্রদান করা হয়। লিভার কেয়ার সোসাইটির এ উদ্যোগের মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্ম, বিশেষ করে ভবিষ্যৎ স্বাস্থ্যসেবাকর্মীদের মধ্যে হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে সংক্রমণ শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।











