চট্টগ্রামে শুভেচ্ছা সফরে ভারতের নৌবাহিনীর জাহাজ

আজাদী প্রতিবেদন | শনিবার , ৯ মে, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সুনায়না’ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। গতকাল শুক্রবার সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে জাহাজটিকে অভ্যর্থনা জানায়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের প্রতিনিধিসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের জলসীমায় প্রবেশের পর ভারতীয় জাহাজটিকে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আলী হায়দার’ অভ্যর্থনা জানায়। সফরকালে আইএনএস সুনায়নার অধিনায়ক এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের নেভাল অ্যাডভাইজারসহ একটি প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, এরিয়া সুপারিন্টেন্ডেন্ট ডকইয়ার্ড ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া সফরসূচির অংশ হিসেবে ভারতীয় জাহাজটির কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ পরিদর্শনের পাশাপাশি চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। একইভাবে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরাও ভারতীয় জাহাজটি পরিদর্শনের সুযোগ পাবেন।

বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এ শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে এবং বাংলাদেশভারতের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। তিন দিনের সফর শেষে আগামী ১০ মে ভারতীয় নৌবাহিনীর জাহাজটি বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।

পূর্ববর্তী নিবন্ধমাদক পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের সমঝোতা স্মারক
পরবর্তী নিবন্ধ৭ ইউনিয়ন নিয়ে মাতামুহুরী উপজেলা অনুমোদন, উচ্ছ্বাস