চট্টগ্রামে বিসিবি’র কিউরেটর লেভেল-১ কোর্স আজ শুরু

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১১ আগস্ট, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

বিশ্বমানের ক্রিকেট অবকাঠামো গড়ে তোলা এবং আধুনিক পিচ ও আউটফিল্ড ব্যবস্থাপনার লক্ষ্য নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিসিবি কিউরেটর লেভেল১’ কোর্স। দুই ধাপের এই বিশেষ আয়োজনের প্রথম পর্ব ‘চট্টগ্রাম ওয়ার্কশপ’ নাম দিয়ে আজ ১১ আগস্ট মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। চট্টগ্রামে আয়োজিত দু’দিনব্যাপি এ কোর্সটি আগামীকাল ১২ আগস্টও চলবে। কোর্সটি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিসিবি আয়োজিত এ কোর্সটিতে অংশ নেবেন চট্টগ্রাম, কক্সবাজার, পূর্বাচল, বিকেএসপি এবং ফতুল্লা ভেন্যুর মোট ৩৩ জন মাঠকর্মী।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির উদ্যোগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সার্টিফাইড কিউরেটর ও বিসিবি’র হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিংস ঐতিহাসিক কোর্সটি সরাসরি তত্ত্বাবধান করবেন। বিদেশি নির্ভরতা কমিয়ে দেশিয় কর্মীদের দ্বারা ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের আধুনিকায়নে মনোযোগি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মূলত সে লক্ষ্যে আধুনিক ক্রিকেটের গতি ও গুণগত মানের সাথে তাল মিলিয়ে পিচ প্রস্তুতি এবং টার্ফ ম্যানেজমেন্টে নতুন দিগন্ত উন্মোচন করতে চায় তারা। এই প্রশিক্ষণ কার্যক্রমের মূল লক্ষ্যও এটিই। দুই দিনব্যাপী এই কর্মশালায় অংশ নেওয়া মাঠকর্মীদের মাটির সঠিক ব্যবহার, আর্দ্রতা নিয়ন্ত্রণ, প্রথাগত ও আধুনিক ঘাস রোপণ প্রযুক্তি, ড্রেনেজ ব্যবস্থা এবং কন্ডিশন অনুযায়ী স্পোর্টিং কিংবা ব্যাটার ও বোলারবান্ধব উইকেট তৈরির ব্যবহারিক ও তাত্ত্বিক জ্ঞান প্রদান করা হবে। উচ্চমানের স্পোর্টিং উইকেট নিশ্চিত করার গেলে একদিকে যেমন ঘরোয়া ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হতে পারবেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিসিবি’র অভিজ্ঞ ইন্সট্রাকটরদের তত্ত্বাবধানে কোর্সটি সফলভাবে সম্পন্নকারী সকল অংশগ্রহণকারীকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে অফিসিয়াল সনদপত্র বা সার্টিফিকেট প্রদান করা হবে। আশা করা হচ্ছে প্রথমবারের মতো কোর্স এই দেশের গ্রাউন্ডস কন্ডিশনিং ও উইকেট ব্যবস্থাপনাকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে বিশেষ ভূমিকা রাখবে। আজ ১১ আগস্ট, সকাল ৯ টায় দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি’র গ্রাউন্ডস কমিটির সদস্য সচিব ও কাউন্সিলর মাজহার উদ্দিন এবং বিসিবি কাউন্সিলর সাবেক জাতীয় ক্রিকেটার শহিদুর রহমান উপস্থিত থাকবেন।

পূর্ববর্তী নিবন্ধজুলাই মাসে সেরার দৌড়ে তানজিদ
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ এইচপি