চট্টগ্রামে গতকাল আরো ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫১৫ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৮ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৯৫ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে।
গতকাল চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্য মতে, চলতি নভেম্বরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪১ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের। এছাড়া গত অক্টোবরে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২ হাজার ৬০৮ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের, সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৩০ জন এবং মৃত্যু হয়েছে ১৬ জনের। গত আগস্টে মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ২০২ জনের এবং মৃত্যু হয়েছে ২ জনের। এছাড়া গত জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয় ৫৩৬ জনের এবং মৃত্যু হয় দুইজনের। জুন মাসে আক্রান্ত ১২২ জন, মে মাসে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারিতে ২২ জন ও মৃত্যু ১ জন এবং জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ৬৮ জন। চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ৩ হাজার ৯৩০ পুরুষ, ২ হাজার ৫৯৮ মহিলা এবং ১ হাজার ৯৮৭ জন শিশু রয়েছে।
অন্যদিকে গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৫ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৭ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ৪ জন, চট্টগ্রাম জেনারেল হাসপতালে ২ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১ জন।
উল্লেখ্য, গত বছর ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। এছাড়া ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৩ জন এবং মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। এরমধ্যে মারা যায় ১০৭ জন এবং ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জন।
হাম : গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে নতুন করে আরো ৯৫ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৯০ জন নগরীর এবং ৫ জন উপজেলার বাসিন্দা।
এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ১২ হাজার ৫৩১ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ১৮৯ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৩৪২ জন। এছাড়া মোট ৬৩ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং নিশ্চিত হামে মারা গেছে তিনজন। অন্যদিকে গতকাল পর্যন্ত ঢাকায় পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ৩ হাজার ৬৫৩ শিশুর।









