চট্টগ্রামে জহুরুল হক ঘাঁটিতে নানা আয়োজন

সশস্ত্র বাহিনী দিবস আজ

আজাদী প্রতিবেদন | শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ১০:১৬ পূর্বাহ্ণ

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে আজ ২১ নভেম্বর পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম অঞ্চলেও নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে চট্টগ্রাম অঞ্চলের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত ও সাধারণ মুক্তিযোদ্ধা এবং তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়া হবে। এবছর চট্টগ্রামে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান পতেঙ্গাস্থ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে অনুষ্ঠিত হচ্ছে। বিকেল আড়াইটায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের মুক্তিযোদ্ধা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেবেন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে চট্টগ্রাম অঞ্চলের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত ও সাধারণ মুক্তিযোদ্ধা এবং তাঁদের উত্তরাধিকারীদের সম্মাননা জানাতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের অসামান্য অবদান স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। মুক্তিবাহিনীর বিভিন্ন অংশ ও সাধারণ জনগণের সম্মিলিত প্রতিরোধের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বিজয় ত্বরান্বিত হয়। দিনটি তাই বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে।

দিবসটি উপলক্ষে সারা দেশে সেনানিবাস, নৌঘাঁটি ও বিমান বাহিনী ঘাঁটিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। পাশাপাশি খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা এবং সেনাকুঞ্জে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সশস্ত্র বাহিনী দিবসের মূল তাৎপর্য হচ্ছে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান, আত্মত্যাগ ও বীরত্বকে স্মরণ করা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত বাহিনীগুলোর প্রতি সম্মান জানানো। চট্টগ্রামের সংবর্ধনা অনুষ্ঠানেও মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মান জানানোর মধ্য দিয়ে দিবসটির সেই ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা হবে বলেও জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচিপসের প্যাকেটে ইয়াবা পাচারের চেষ্টা, বিজিবির হাতে ধরা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদের পিএসের ভবনে আগুন