পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে চট্টগ্রামের হজযাত্রীদের বহনকারী প্রথম ফিরতি ফ্লাইট গতকাল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেদ্দা থেকে আগত ফ্লাইট গতকাল দুপুর ১২টা ৫ মিনিটে ৩৭৮ জন হজযাত্রী নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
ফ্লাইটটি অবতরণের পর বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর হজযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেলা ব্যবস্থাপক, স্টেশন ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি হজ ফ্লাইটে ৪ হাজার ৭৪৮ জন এবং অন্যান্য ফ্লাইটে আরও ৮২৬ জন হজযাত্রী সৌদি আরবে গমন করেন। সব মিলিয়ে চট্টগ্রাম থেকে মোট ৫ হাজার ৫৭৪ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান।
হজযাত্রীদের ফিরতি ফ্লাইটগুলো আগামী দিনগুলোতে পর্যায়ক্রমে চট্টগ্রামে পৌঁছাবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।











