চট্টগ্রাম নগরীর ফুটপাথগুলো দীর্ঘদিন ধরে দখল ও নানা ধরনের অব্যবস্থাপনার শিকার। নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর ফুটপাথের বড় একটি অংশ হকার, দোকানের পণ্যসামগ্রী, অস্থায়ী স্থাপনা, নির্মাণসামগ্রী ও বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতায় দখল হয়ে আছে। ফলে পথচারীদের স্বাভাবিকভাবে চলাচলের সুযোগ ক্রমেই সংকুচিত হচ্ছে।
ফুটপাথ পথচারীদের জন্য নির্ধারিত হলেও বাস্তবে অনেক জায়গায় পথচারীদের মূল সড়ক দিয়েই চলতে হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, পাশাপাশি যানবাহনের গতি ব্যাহত হয়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। শিশু, নারী, প্রবীণ ও শারীরিকভাবে অসুস্থ মানুষের দুর্ভোগ আরও বেশি।
হকারদের জীবিকার বিষয়টি অবশ্যই মানবিকভাবে বিবেচনা করা প্রয়োজন। কিন্তু এর সমাধান পথচারীদের চলাচলের অধিকার কেড়ে নিয়ে হতে পারে না। প্রয়োজন হলে নগরের উপযুক্ত স্থানে হকারদের জন্য নির্দিষ্ট ও নিয়ন্ত্রিত ব্যবস্থা করা যেতে পারে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের কাছে নগরবাসীর পক্ষ থেকে অনুরোধ নগরের ফুটপাথগুলো সরেজমিন পরিদর্শন করে দখল ও প্রতিবন্ধকতা চিহ্নিত করুন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নিন। ফুটপাথগুলো পথচারীদের জন্য উন্মুক্ত ও নিরাপদ করা হোক। একটি বাসযোগ্য, পরিচ্ছন্ন ও পথচারীবান্ধব চট্টগ্রাম গড়ে তুলতে এ উদ্যোগ এখন সময়ের দাবি।
মোহাম্মদ হাসান
১৭ পশ্চিম বাকলিয়া, চট্টগ্রাম।










