একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞান, মেধা ও সৃজনশীলতায় সমৃদ্ধ প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে কক্সবাজারের পাঁচ উপজেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে ‘শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা–২০২৬’। মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশনের আয়োজনে এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ পরীক্ষায় অংশ নিয়েছে ২ হাজার ৮৮৭ জন শিক্ষার্থী।
গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, কুতুবদিয়া ও মহেশখালী এলাকায় ছয়টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার কেন্দ্রগুলো হলো– পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়, চকরিয়া মহিলা কলেজ, মালুমঘাট আইডিয়াল স্কুল, কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং মহেশখালী মডেল হাই স্কুল। আয়োজক সূত্রে জানা যায়, এবারের পরীক্ষায় পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭২৭ জন, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৩৮ জন, মালুমঘাট আইডিয়াল স্কুল কেন্দ্রে ২১৫ জন এবং চকরিয়া মহিলা কলেজ কেন্দ্রে ৭২৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এ ছাড়া মহেশখালী মডেল হাই স্কুল কেন্দ্রে ৩১২ জন এবং কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ বৃত্তি পরীক্ষার মূল লক্ষ্য শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি এবং প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ তৈরি করা। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করে ভবিষ্যতের যোগ্য, দক্ষ ও জ্ঞানসমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তোলাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এদিকে মেধাবৃত্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন দেলোয়ার, মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশনের আহ্বায়ক ছফওয়ানুল করিম, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক এম মোবারক আলী এবং পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষা–সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশনের আহ্বায়ক ছফওয়ানুল করিম জানান, একটি মেধাবী ও জ্ঞাননির্ভর জাতি গঠনে শিক্ষার্থীদের শৈশব থেকেই মেধা বিকাশের সুযোগ তৈরি করা জরুরি। সেই লক্ষ্য সামনে রেখেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পৃষ্ঠপোষকতায় গত ২৫ বছর ধরে ধারাবাহিকভাবে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে।











