চকরিয়ায় কয়লার আগুনে পুড়ল বসতঘর, দগ্ধ দুই ভাইয়ের একজনের মৃত্যু

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় কয়লার আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গত রোববার দিবাগত রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়া ঘোনায় মাওলানা ফজল কাদেরের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ঘুমন্ত অবস্থায় আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হন তার দুই ছেলে হাফেজ ওমর ফারুক (১৭) ও হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ (১৬)। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওমর ফারুকের মৃত্যু হয়। আবদুল্লাহও গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রাতে ঘুমানোর আগে পরিবারের সদস্যরা স্টিলের টিফিন বক্সে কয়লার আগুন জ্বালিয়ে কাপড় ইস্ত্রি করেন। পরে কয়লার আগুন পুরোপুরি না নিভিয়েই তারা ঘুমিয়ে পড়েন।

একপর্যায়ে কয়লার আগুন কাপড়ে লেগে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বাড়ির পাশের জায়গা খোলা থাকায় বাতাসে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা দুই ভাই আগুনের মধ্যে আটকা পড়ে গুরুতর দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওমর ফারুক মারা যান। তার ভাই আবদুল্লাহর চিকিৎসা চলছে।

এদিকে অগ্নিকাণ্ডে বসতবাড়ি ও সহায়–সম্বল হারানো পরিবারটির পাশে দাঁড়িয়েছে চকরিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি নগদ অর্থসহ মানবিক সহায়তা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরেস্টুরেন্ট উদ্বোধনে গিয়ে ইপিজেডে পিতা-পুত্র গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনাতনিকে কোচিংয়ে নেওয়ার পথে ট্রাক চাপায় আহত, ১০ দিন পর বৃদ্ধার মৃত্যু