বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত মর্টারশেল বিস্ফোরণে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। নিহতের নাম সুমিনাইং তঞ্চঙ্গা (১২)। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ী সীমান্তবর্তী ৩৯ ও ৪০ পিলারের মধ্যবর্তী এলাকায় সুমিনাইং তার মায়ের সাথে পাহাড়ের জুমে ক্ষেতে কাজ করতে যায়। দুপুরের দিকে জুমের নিচে মিয়ানমার সীমান্ত কাটাতারের পাশে একটি পরিত্যক্ত মর্টারশেল পেয়ে জুম ঘরে এনে খেলতে থাকে সে। এ সময় মর্টারশেলটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলে সুমিনাইং নিহত হয়। সে বাইশফাড়ি তংচঙ্গ্যা পাড়ার বাসিন্দা কিংহ্লা তঞ্চগ্যার ছেলে।
খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি ও পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক বলেন, মিয়ানমার সীমান্তে জুমে কাজ করতে গিয়ে পরিত্যক্ত মর্টারশেল বিস্ফোরণে এক কিশোর নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে আনা হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে।










