নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে চিহ্নিত ইয়াবা কারবারি ও একাধিক মাদক মামলার পলাতক আসামি মো. মিজানুর রহমান ওরফে ‘ইয়াবা ডন মিজান’কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিজানুর রহমান (২৭) ঘুমধুম ইউনিয়নের মধ্যমপাড়ার মৃত আব্দুল জাব্বারের ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবার বড় বড় চালান দেশে প্রবেশের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, মিয়ানমারের সীমান্তবর্তী সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী ও আরাকান আর্মির সঙ্গে যোগসাজশের মাধ্যমে তিনি শতাধিক কার্টনের ইয়াবার চালান দেশে আনতেন। পরে স্থানীয় মাদক কারবারিদের মাধ্যমে এসব ইয়াবা বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো।
অভিযোগ রয়েছে, মিজানুর রহমানের নেতৃত্বে গড়ে ওঠা চক্রটি এলাকায় প্রভাব বিস্তার করে মাদক কারবার পরিচালনা করত। কেউ তাদের অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ করলে অস্ত্রের ভয় দেখানোসহ প্রাণনাশের হুমকি দেওয়া হতো। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, গ্রেপ্তার মিজানুর রহমানকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।












