ঘরে ঢুকে যুবকের হাত-পা বেঁধে টাকা লুট

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ৯ ডিসেম্বর, ২০২৪ at ৬:৫৫ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বসতঘরের ভেতর হাতপা ও মুখ বেঁধে রিয়াদ হোসেন (২৮) নামে এক যুবকের কাছ থেকে নগদ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত আড়াইটার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কিল্লার আন্দর এলাকায় এই ঘটনা ঘটে। রিয়াদ একই এলাকার মৃত আবিদুর রহমানের পুত্র।

ক্ষতিগ্রস্ত রিয়াদ হোসেন জানান, গত শনিবার দিবাগত রাতে এলাকায় ব্যাডমিন্টন খেলে বসতঘরের দ্বিতীয় তলায় নিজ রুমে ঘুমাতে যান তিনি। কিছুক্ষণ পর ৫ জন দুর্বৃত্ত তার রুমের ভেতর ঢুকে তার হাতপা ও মুখ বেঁধে ফেলে। এ সময় দুর্বৃত্তদের সাথে ধস্তাধস্তিতে মাথায় আঘাত পান রিয়াদ। দুর্বৃত্তরা রুমের ভেতর থাকা সাড়ে ৩ লাখ টাকা, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে চলে যায়। পরে কৌশলে পায়ের বাঁধন খুলে বিষয়টি পরিবারের অন্যদের জানায় রিয়াদ। রিয়াদ ধারণা করছেন, দুর্বুত্তরা বসতঘর সংলগ্ন নারিকেল গাছ দিয়ে দ্বিতীয় তলায় উঠে রুমের ভেতরে প্রবেশ করে। পরে টাকা লুট করে একইভাবে চলে গেছে।

লোহাগাড়া থানার এসআই মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই ঘটনার ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআসাদকে রক্ষায় আর আগ্রহী ছিল না রক্ষক রাশিয়া : ট্রাম্প
পরবর্তী নিবন্ধজি এম কাদেরকে গ্রেপ্তারে আইনি নোটিশ