গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের বার্ষিক সামার ট্রিপ

| রবিবার , ২৩ আগস্ট, ২০২৬ at ৭:৪৩ অপরাহ্ণ

যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামবাসীর অন্যতম সামাজিক সংগঠন গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন (GMCA)-এর আয়োজনে গত ১৯ আগস্ট ইংল্যান্ডের মনোরম সমুদ্রসৈকত শহর ল্যান্ডুডনোতে বার্ষিক সামার ট্রিপ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
এবারের সামার ট্রিপে প্রায় ২০০ জন সদস্য, পরিবার-পরিজন ও অতিথি অংশগ্রহণ করেন। বিপুলসংখ্যক অংশগ্রহণকারীকে নিয়ে ২টি কোচ/বাস এবং ৬টি ব্যক্তিগত গাড়ির মাধ্যমে ম্যানচেস্টার থেকে ল্যান্ডুডনোর উদ্দেশ্যে যাত্রা করা হয়। সকাল থেকেই যাত্রায় ছিল নাস্তা, আনন্দঘন আড্ডা এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ।

ল্যান্ডুডনো পৌঁছে অংশগ্রহণকারীরা সমুদ্রসৈকত, প্রাকৃতিক সৌন্দর্য ও স্থানীয় দর্শনীয় স্থানগুলো উপভোগ করেন। দিনব্যাপী আয়োজনে ছিল মধ্যাহ্নভোজ, পারিবারিক মিলনমেলা, বিনোদন ও নানা আনন্দঘন কার্যক্রম।

এই সামার ট্রিপের অন্যতম আকর্ষণ ছিল এক্সক্লুসিভ র‍্যাফেল ড্র। এতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ভাগ্যবান বিজয়ীদের জন্য ছিল স্বর্ণালংকারসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ পর্বে উপস্থিত সদস্য ও তাদের পরিবারের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সংগঠনের চেয়ারম্যান ফয়সাল কবির নিক্সন ও সেক্রেটারি মো. মোরশেদ সামার ট্রিপটি সফলভাবে সম্পন্ন করার জন্য ট্রিপ টিমের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁরা বিশেষভাবে এই আয়োজনের টিম লিডার তৌহিদুল ইসলামকে সুন্দর পরিকল্পনা, দক্ষ নেতৃত্ব এবং সার্বিক ব্যবস্থাপনার মাধ্যমে সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানান।

তাঁরা বলেন, টিম লিডার তৌহিদুল ইসলামের নেতৃত্বে ট্রিপ টিমের সদস্যদের আন্তরিক প্রচেষ্টা, পরিশ্রম ও দায়িত্বশীলতার কারণে প্রায় ২০০ জনের এই বৃহৎ আয়োজন, ২টি বাস ও ৬টি গাড়ির অংশগ্রহণে, সুশৃঙ্খল, আনন্দময় ও সফলভাবে সম্পন্ন হয়েছে। আয়োজনে সহযোগিতাকারী সকল সদস্য, স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারীদের প্রতিও তাঁরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, প্রবাসে ব্যস্ত জীবনের মাঝে এ ধরনের পারিবারিক আয়োজন প্রবাসী চট্টগ্রামবাসীর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। বিশেষ করে নতুন প্রজন্মের সঙ্গে কমিউনিটির সম্পর্ক ও সাংস্কৃতিক বন্ধন গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দিনব্যাপী আনন্দ ও স্মৃতিময় সময় কাটানোর পর সন্ধ্যায় সবাই সুন্দর স্মৃতি নিয়ে ম্যানচেস্টারের উদ্দেশ্যে ফিরতি যাত্রা করেন। সফলভাবে আয়োজনটি সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য আয়োজক কমিটি সকল সদস্য, স্বেচ্ছাসেবক, স্পন্সর ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন (GMCA) ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ঐক্য, সামাজিক সম্প্রীতি ও পারিবারিক বন্ধনকে আরও শক্তিশালী করতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধচন্দনাইশে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু