গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে একরাম,স্বাধীন বাংলা

একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৪ অক্টোবর, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

সিডিএফএ মেয়র একাডেমি কাপ অনূর্ধ্ব–১৩ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব রবিন লিগে উন্নীত হয়েছে স্বাধীন বাংলা ফুটবল একাডেমি এবং একরাম ফুটবল একাডেমি। ‘সি’ গ্রুপে স্বাধীন বাংলা ফুটবল একাডেমি টানা তিন খেলায় সর্বোচ্চ ৯ পয়েন্ট পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। গতকাল শনিবার তারা হারায় আবদুস সোবহান ফুটবল একাডেমিকে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে স্বাধীন বাংলা ফুটবল একাডেমি ১–০ গোলে আবদুস সোবহান ফুটবল একাডেমিকে পরাজিত করে গ্রুপ ‘সি’ থেকে সুপার সিক্স নিশ্চিত করে। বিজয়ী দলের গোলদাতা মো. আবদুল আহাদ। আবদুস সোবহান ফুটবল একাডেমি ৩ খেলা শেষে ৩ পয়েন্ট পেয়ে টুর্নামেন্ট শেষ করেছে।

খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় স্বাধীন বাংলার আবদুল আহাদ। তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশের সাধারণ সম্পাদক ও সিডিএফএ– মেয়র অনূর্ধ্ব–১৩ একাডেমি কাপ পরিচালনা কমিটির সদস্য কাজী মোজাম্মেল হক মানিক।

‘ডি’ গ্রুপ থেকে দ্বিতীয় পর্ব নিশ্চিত করে একরাম ফুটবল একাডেমি। গতকাল দিনের ৪র্থ ও শেষ খেলায় তারা ৫–০ গোলের বড় ব্যবধানে কালারপুল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমিকে পরাজিত করে। এ জয়ের ফলে টানা তিন খেলায় জিতে সর্বোচ্চ ৯ পয়েন্ট নিয়ে একরাম ফুটবল একাডেমি গ্রুপ চ্যাম্পিয়ন হয়। কালারপোল তিন খেলায় ৩ পয়েন্ট পেয়েছে।

গতকাল বিজয়ী দলের পক্ষে রাকিবুল হাসান ও মো. উজার বিন আসিফ ২টি করে গোল দেয়। অপর গোলটি করে বিজয়ী দলের মোক্তাদির মোস্তাক তাফিজ। খেলা শেষে ম্যান অব দি ম্যাচ হয় একরাম একাডেমির মো. উজার বিন আসিফ। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ও সাবেক কৃতী ফুটবলার মনসুর আলম। সকালে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে হাটহাজারী ফুটবল একাডেমি ৫–০ গোলে সন্ধান স্পোর্টিং ফুটবল একাডেমিকে পরাজিত করে। এ খেলায় বিজয়ী দলের মো. তাসিন হ্যাট্রিক সহ ৪টি গোল করে। টুর্নামেন্টে এটি দ্বিতীয় হ্যাট্রিক।

অপর গোলটি করে নিশাত হোসেন সাফাত। হাটহাজারী তিন খেলায় ৬ এবং সন্ধান স্পোর্টিং সমান খেলায় কোন পয়েন্ট না পেয়ে টুর্নামেন্ট শেষ করেছে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় হাটহাজারীর মো. তাসিন। তার হাতে পুরস্কার তুলে দেন সিডিএফএ যুগ্ম সম্পাদক ও সিজেকেএস কাউন্সিলর ইয়াছির আরাফাত চৌধুরী পাপলু। দিনের তৃতীয় খেলায় রামপুর ফুটবল একাডেমি ৬–০ গোলের বড় ব্যবধানে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের নুরুল হুদা তানভীর ও মোহাম্মদ প্রত্যেকে ২টি করে গোল করে। অন্‌কুর দাশ ও ইফতারুল ইসলাম সিদ্ধার্থ করে ১টি করে গোল। রামপুর তিন খেলায় ৬ পয়েন্ট পেয়ে এবং দক্ষিণ হালিশহর সমান খেলায় কোন পয়েন্ট না পেয়ে বিদায় নেয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় রামপুরার নুরুল হুদা তানভীর। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ও সাবেক জাতীয় এ্যাথলেট শর্মিষ্টা রায়। আজ ৪ অক্টোবর টুর্নামেন্টের আরো চারটি খেলা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় এসব খেলায় অংশ নেবে পাঠানটুলি ফুটবল একাডেমি–মীরসরাই ফুটবল একাডেমি(সকাল–৯.১৫টা), বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি–রাইজিং স্টার ফুটবল একাডেমি (সকাল–১০.৪৫টা), চট্টগ্রাম আবাহনী ফুটবল একাডেমি–ডায়নামিক ফুটবল একাডেমি(দুপুর–২.১৫টা), শিকলবাহা স্পোর্টস একাডেমি–চট্টগ্রাম ব্রাদার্স ফুটবল একাডেমি(বিকাল–৩.৪৫টা)।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ঘুরে গেলেন আইসিসি কর্মকর্তারা
পরবর্তী নিবন্ধএশিয়ান গেমস ক্রিকেটে ব্রোঞ্জও পেল না লিটনরা