গ্রুপসেরা হয়ে নকআউটে স্বাগতিক মেক্সিকো

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২৬ জুন, ২০২৬ at ৬:০৯ পূর্বাহ্ণ

স্বাগতিক মেক্সিকো বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করল দাপটের সঙ্গে। ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ৩০ গোলে হারিয়ে শতভাগ জয় নিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে তারা। মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল উপহার দেয় স্বাগতিকরা। প্রথমার্ধে দুই দলই গোলের দেখা পায়নি। বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে তেমন ছাপ রাখতে পারেনি মেক্সিকো। অন্যদিকে চেক প্রজাতন্ত্রও নিজেদের প্রয়োজনীয় জয় পাওয়ার মতো সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়। ফলে বিরতিতে গোলশূন্য সমতায় মাঠ ছাড়ে দুই দল। বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৫৫ মিনিটে দুর্দান্ত এক পাল্টা আক্রমণ থেকে মেক্সিকোকে এগিয়ে দেন মাতেও চাভেজ। লুইস রোমোর চমৎকার পাস থেকে গোল করে স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান তিনি। প্রথম গোলের ধাক্কা সামলানোর আগেই আরও বিপদে পড়ে চেক প্রজাতন্ত্র। ৬১ মিনিটে তরুণ মিডফিল্ডার গিলবার্তো মোরার অসাধারণ আক্রমণ তৈরির পর জুলিয়ান কিনিওনেস সহজ সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় মেক্সিকো। নির্ধারিত সময়ের যোগ করা মিনিটে শেষ পেরেকটি ঠুকে দেন আলভারো ফিদালগো। দ্রুতগতির এক আক্রমণ থেকে পাওয়া বল জোরালো শটে জালে পাঠিয়ে ৩০ গোলের বড় জয় নিশ্চিত করেন তিনি। তবে ম্যাচের সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে ৭৮ মিনিটে। মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক গুইয়ের্মো ওচোয়া মাঠে নামেন বদলি হিসেবে। ৪০ বছর বয়সী এই তারকা নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের আরেকটি স্মরণীয় অধ্যায় যোগ করেন এদিন। দেশের জার্সিতে এটি ছিল তার ১৫৩তম ম্যাচ এবং বিশ্বকাপ মঞ্চে দর্শকদের সামনে উপস্থিত হওয়ায় স্টেডিয়ামজুড়ে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। এই জয়ের ফলে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মেক্সিকো। অন্যদিকে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকেই বিশ্বকাপ অভিযান শেষ করতে হয়েছে চেক প্রজাতন্ত্রকে।

পূর্ববর্তী নিবন্ধদ. আফ্রিকা প্রথমবার বিশ্বকাপের নকআউটে
পরবর্তী নিবন্ধছেলেকে জড়িয়ে ধরে নেইমারের কান্না