সীতাকুণ্ডের ভাটিয়ারিতে শিপইয়ার্ডে ৯ শ্রমিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), চট্টগ্রাম জেলা শাখা। একই সঙ্গে শিপইয়ার্ডে একের পর এক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুতে মালিকপক্ষ ও সরকারের গাফিলতির তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি।
গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতিতে সিপিবি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি কমরেড অশোক সাহা, সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ জাহাঙ্গীর, সীতাকুণ্ড উপজেলা পার্টির সভাপতি জহির উদ্দিন মাহমুদ ও সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী বলেন, জাহাজভাঙা শিল্পে শ্রমিকের প্রাণহানি দীর্ঘদিনের সমস্যা হলেও দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জামের অভাব, বিষাক্ত গ্যাস পরীক্ষা না করে জাহাজে শ্রমিক প্রবেশ করানো, বিস্ফোরণ প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
কঠোর আইন ও নীতিমালা থাকলেও মাঠপর্যায়ে নিয়মিত তদারকি ও নজরদারির অভাব এবং মালিকপক্ষের প্রভাবের কারণে তা যথাযথভাবে কার্যকর হচ্ছে না। প্রেস বিজ্ঞপ্তি।












