সীতাকুণ্ডের ভাটিয়ারিতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল–বাসদ, চট্টগ্রাম জেলা শাখা। একই সঙ্গে এ ঘটনাকে চরম অবহেলা ও দায়িত্বহীনতার ফল উল্লেখ করে দায়ী ইয়ার্ড মালিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরি জয় বলেন, দেশের জাহাজভাঙা শিল্পে শ্রমিকের প্রাণহানি যেন একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। একের পর এক দুর্ঘটনায় শ্রমিক নিহত হলেও মালিকপক্ষের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নিরাপত্তা নিশ্চিত এবং দায়ীদের শাস্তির উদ্যোগ না থাকায় একই ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। তিনি বলেন, বিষাক্ত গ্যাস পরীক্ষা ছাড়াই শ্রমিকদের জাহাজে প্রবেশ করানো, প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ না করা, আন্তর্জাতিক মানের নিরাপত্তাব্যবস্থা অনুসরণ না করা এবং সরকারি তদারকির চরম ব্যর্থতার কারণেই এ মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। শ্রমিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও মালিকপক্ষের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। প্রেস বিজ্ঞপ্তি।










