নব্বইয়ের দশক থেকে শ্রোতাদের মুগ্ধ করেছেন সংগীতশিল্পী আনুশেহ আনাদিল। বাংলা ব্যান্ডের হাত ধরে লোকসংগীত ও ফোক ফিউশনে নিজস্ব ধারা তৈরি করেছিলেন তিনি। তবে দীর্ঘদিন ধরে বড় মঞ্চ ও গানে তাকে সেভাবে দেখা যাচ্ছে না। সমপ্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে গান থেকে দূরে থাকার কারণ নিয়ে কথা বলতে শোনা যায় আনুশেহকে। সেখানে তিনি স্পষ্ট করেছেন, গান গাইতে না পারার কারণে কিংবা নেশার জন্য তিনি গান থেকে সরে যাননি। ভিডিওতে আনুশেহ বলেন, দূর থেকে বসে আমাকে জাজ করে এটা ভেবে নেবেন না যে আমি নেশার কারণে গান ছেড়ে দিয়েছি, গান গাইতে পারি না। কারণ আমি এখনো পুরোই গান গাইতে পারি। আমি একটু আগেও গান গেয়েছি এতগুলো মহিলার জন্য।
বড় কনসার্টে অংশ নেওয়া কিংবা বাণিজ্যিকভাবে গান করার ক্ষেত্রে নিজের সিদ্ধান্তের কথাও জানান শিল্পী। তার ভাষ্য, আমি জাস্ট বড় বড় কনসার্টগুলো করি না, কমার্শিয়ালি গান করি না। আমি হয়তোবা কিছু কিছু ডিসিশন নিয়েছি আমার লাইফে যে আমি আমার জীবনটাকে সহজ করব।











