গণপরিবহনে ইভটিজিং বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক

| বুধবার , ২২ জুলাই, ২০২৬ at ৭:১৪ পূর্বাহ্ণ

গণপরিবহনে নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করা আজ সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে বাস, টেম্পু ও অন্যান্য গণপরিবহনে অনেক নারী প্রতিনিয়ত ইভটিজিং এর শিকার হচ্ছেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, অনেক সময় আশপাশের মানুষ এসব ঘটনা দেখেও প্রতিবাদ করেন না। ফলে অপরাধীরা আরও সাহস পেয়ে যায় এবং একই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকে। অনেক নারী লজ্জা, ভয় বা সামাজিক সংকোচের কারণে অভিযোগও করতে পারেন না। একটি সভ্য সমাজে কোনো নারী বা কিশোরী গণপরিবহনে চলাচলের সময় নিরাপত্তাহীনতায় ভুগবে, এটি কখনোই কাম্য নয়। কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা দৈনন্দিন প্রয়োজনেই নারীদের বাইরে যেতে হয়। তাই তাদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজ উভয়ের দায়িত্ব।

এক্ষেত্রে গণপরিবহনে নজরদারি বৃদ্ধি, সচেতনতামূলক প্রচার, অভিযোগ গ্রহণের সহজ ব্যবস্থা এবং ইভটিজিংকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ জরুরি। পাশাপাশি সাধারণ মানুষকেও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কারণ নীরবতা অনেক সময় অপরাধকে আরও উৎসাহিত করে।

এমতাবস্থায় সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত আহ্বান, গণপরিবহনে ইভটিজিং ও নারী হয়রানি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক, যাতে নারী ও কিশোরীরা নিরাপদে চলাচল করতে পারেন।

মরিয়ম আক্তার

শিক্ষার্থী

স্নাতক ১ম বর্ষ, সরকারি হাজী মোহাম্মদ

মহসিন কলেজ।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধসুশীল সমাজ গঠনে সুস্থ সংস্কৃতি চর্চা